মধ্যপ্রাচ্যে নতুন করে ভূ-রাজনৈতিক অস্থিরতা ও যুক্তরাষ্ট্র-ইরান সামরিক উত্তেজনা বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের উল্লম্ফন দেখা দিয়েছে। সোমবার লেনদেনের শুরুতেই অপরিশোধিত তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়ে গেছে। বিশেষ করে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বাজারে এই অস্থিরতা তৈরি হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ১২ শতাংশ বেড়ে ৯০ দশমিক ৮৫ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৩ দশমিক ১০ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ৫ ডলারে দাঁড়িয়েছে।
মূলত তেহরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা এবং এর জবাবে ইরানের পক্ষ থেকে শান্তি চুক্তির প্রতিশ্রুতি স্থগিত করার ঘটনায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। ইরান পাল্টা ব্যবস্থা হিসেবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কার্যত বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে সরবরাহ সংকটের আশঙ্কা প্রবল হচ্ছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, বিশ্বের মোট তেলের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এই পথে অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে তেলের দাম আরও বাড়ার পাশাপাশি সমুদ্রপথে পণ্য পরিবহনের বিমা খরচও কয়েক গুণ বেড়ে যেতে পারে, যা বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।
রিপোর্টারের নাম 






















