চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ভারত। সেমিফাইনালে হারলেও শিরোপা নির্ধারণী ম্যাচে নিউজিল্যান্ডকেই সমর্থন করবেন বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার ডেভিড মিলার।
সেমিফাইনালে হারের পর মিলারকে প্রশ্ন করা হয়েছিল- ফাইনালে কোন দলকে সমর্থন করবেন। জবাবে তিনি বলেন, “সত্যি বলতে আমি নিউজিল্যান্ডকে সমর্থন করব। আমি আশা করি রোমাঞ্চকর একটি ফাইনাল হবে।”
সেমিফাইনালে মিলার ৬৭ বলে অপরাজিত সেঞ্চুরি হাঁকালেও তার বিস্ফোরক ইনিংসটি দলের জয়ে কাজে আসেনি। মিলার জানান, তারা প্রত্যেকেই ম্যাচে নিজেদের সেরাটা দিয়েই খেলেছেন। কিন্তু শেষ পর্যন্ত তাদের হার মেনে নিতে হয়েছে।
দুবাই থেকে ভ্রমণ করে লাহোরে এসে সেমিফাইনাল খেলেছে দক্ষিণ আফ্রিকা। কারণ, সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ কারা হবে- সেটি নিশ্চিত ছিল না। তাই অস্ট্রেলিয়ার সঙ্গে দক্ষিণ আফ্রিকা দলকেও দুবাই গিয়ে অপেক্ষা করতে হয়েছিল। পরে ভারতের প্রতিপক্ষ নির্ধারিত হওয়ার পর প্রোটিয়ারা লাহোরে ফেরত আসে। ভ্রমণ ক্লান্তি ম্যাচ হারে কোনো প্রভাব ফেলেছে কি না- এমন প্রশ্নের উত্তরে মিলার জানান, তিনি কোনো অজুহাত দাঁড় করাতে চান না। তবে যে পরিস্থিতির মধ্য দিয়ে খেলতে যেতে হয়েছে তাদের, সেটি আদর্শ ছিল না বলেও তিনি স্বীকার করেন।
রিপোর্টারের নাম 

























