মডেল মসজিদ নির্মাণ প্রকল্পে দুর্নীতির অভিযোগে গত ফ্যাসিবাদী সরকারকে তীব্র আক্রমণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বিগত আওয়ামী সরকারের সময়ে ইসলামের নামে, মসজিদের নামে যা করা হয়েছে, তা গর্হিত কাজ। অর্থ লোপাটের জন্যই বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। মডেল মসজিদের প্রকল্প ব্যয় ১৩ কোটি টাকা থেকে ২১ কোটিতে উন্নীত হওয়ার বিষয়টি মসজিদওয়ারি তদন্তের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এর সঙ্গে সরকারের অন্যান্য সংস্থার জড়িত থাকার সম্ভাবনাও তিনি উল্লেখ করেন।
সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য (নোয়াখালী-২) জয়নুল আবদীন ফারুকের সম্পূরক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসাইনের (কায়কোবাদ) পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রথমে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।
এর আগে জয়নুল আবদীন ফারুক তার সম্পূরক প্রশ্নে মডেল মসজিদের নামে বিগত ১৬ বছরে ১৩ কোটি থেকে ২১ কোটি টাকা পর্যন্ত বাজেট হওয়ার কথা উল্লেখ করে তদন্তের দাবি জানান। তিনি বলেন, এত টাকার অপচয় হয়েছে এবং এখন নতুন মসজিদের দরকার নেই। তার অভিযোগ, অতীতে যারা ১৩ কোটি টাকার প্রকল্প ২১ কোটি করেছে, তাদের তৈরি সব মসজিদ ভেঙে পড়েছে। নিজের নির্বাচনী এলাকা সেনবাগের মডেল মসজিদে প্রবেশ করা যায় না এবং সেখানে পানি পড়ে বলেও জানান ফারুক। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে কি না, তা জানতে চান তিনি।
সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালও সংসদ সদস্য ফারুকের সঙ্গে একমত পোষণ করে বলেন, সেনবাগের অবস্থা যা, তার দুর্গাপুরের অবস্থা আরও ভয়াবহ। তিনি জানান, দুর্গাপুরের মডেল মসজিদের সামনে বিরাট পুকুর থাকায় মানুষ সেটিকে ‘তাজমহল’ নামে ডাকে এবং সেখানে প্রবেশ করতে একটি ব্রিজের প্রয়োজন হয়।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আরও বলেন, যদিও পদ্মা সেতুর মতো দুর্নীতির কথা তিনি বলছেন না, তবে ইসলামের নামে, মসজিদের নামে যা করা হয়েছে, তা গর্হিত কাজ। তিনি মডেল মসজিদ উদ্যোগকে ভালো বললেও প্রকল্প ব্যয়ের প্রাক্কলন যথাযথ ছিল কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন। দেবপ্রিয় ভট্টাচার্য সাহেবের শ্বেতপত্রে মেগা দুর্নীতির জন্য মেগাপ্রকল্পে মেগা বাজেট নেওয়ার কথা বলা হয়েছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
রিপোর্টারের নাম 






















