বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচি ও ফ্যামিলি কার্ড বিতরণ শেষে বরিশাল ফেরার পথে এক ভিন্নধর্মী দৃশ্যের অবতারণা হলো। খুদে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত আবদারে প্রধানমন্ত্রী তারেক রহমান তার গাড়িবহর থামিয়ে তাদের সঙ্গে সেলফি তোলেন এবং কুশল বিনিময় করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ক্রীড়া সামগ্রীও তুলে দেন, যা তাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি করে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে ঢাকা–বরিশাল মহাসড়কের বরিশালের সাতমাইল এলাকায় বরিশাল ক্যাডেট কলেজ ক্যাম্পাস সংলগ্ন শিশুনিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে গৌরনদী থেকে বরিশাল পর্যন্ত মহাসড়কের দুই পাশে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন।
সড়কের দুই পাশে জনসমাগম দেখে প্রধানমন্ত্রী তার গাড়িবহর থামানোর নির্দেশ দেন। এরপর তিনি শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা এবং তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। দুপুর দেড়টার দিকে সাতমাইল এলাকায় প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে। তারা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানায় এবং এই স্মরণীয় মুহূর্তটি ক্যামেরাবন্দি করে।
এ সময় কয়েকজন শিক্ষার্থী প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তোলার ইচ্ছা প্রকাশ করলে তিনি এক ছাত্রীর মোবাইল ফোন হাতে নিয়ে নিজেই শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন। পরে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণের মাধ্যমে তাদের আনন্দ আরও বাড়িয়ে দেন প্রধানমন্ত্রী। তার এই মানবিক আচরণ উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।
রিপোর্টারের নাম 





















