জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “আওয়ামী লীগের দাফন দিল্লিতে হয়ে গেছে।” তার মতে, আওয়ামী লীগের পতন ঘটেছে এবং দেশের মানুষকে এখন বাংলাদেশপন্থী রাজনৈতিক শক্তিকে বেছে নিতে হবে।
বৃহস্পতিবার রাতে পাবনার চাটমোহর উপজেলার ঐতিহাসিক বালুচর মাঠে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে সারজিস আলম এসব কথা বলেন। তিনি একটি নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে বলেন, দালালতন্ত্র, চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাজনৈতিক প্রভাব এবং দুর্নীতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। সাধারণ মানুষকে বিভিন্ন সেবার জন্য রাজনৈতিক নেতাদের দ্বারস্থ হতে হয়, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে তিনি মন্তব্য করেন।
শিক্ষা খাতের সমালোচনা করে সারজিস আলম শিক্ষার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার কথা বলেন। সরকারি হাসপাতালের অব্যবস্থাপনার জন্য রাজনৈতিক প্রভাবকে দায়ী করে তিনি অভিযোগ করেন, হাসপাতালের খাবারের টেন্ডারসহ বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
স্কুল, কলেজ ও মাদরাসার পরিচালনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, যোগ্য ব্যক্তিদের পরিবর্তে অযোগ্যদের দায়িত্ব দেওয়া হচ্ছে। সমাজ থেকে মাদক, চাঁদাবাজি, অবৈধ ব্যবসা ও ক্ষমতার অপব্যবহার দূর করার আহ্বানও জানান তিনি।
বিএনপির প্রসঙ্গ টেনে সারজিস আলম বলেন, শুধু ক্ষমতায় থাকার কারণে কোনো দলের নেতাকর্মীরা প্রশাসনের ওপর প্রভাব বিস্তার করতে পারেন না। তিনি জনগণকে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, চাঁদাবাজি ও লুটপাটের রাজনীতি থেকে দেশকে বেরিয়ে আসতে হবে। তার দাবি, আওয়ামী লীগের দোসররা বিএনপির মধ্যে ঢুকে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।
এনসিপির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের যে অভিযোগ করা হচ্ছে, তার কোনো প্রমাণ দেখানো হয়নি। এসব অভিযোগ রাজনৈতিক অপপ্রচার বলেও দাবি করেন তিনি। শেখ হাসিনার সমালোচনা করে সারজিস আলম বলেন, তার শাসনামলে প্রশাসনের দলীয়করণ, আয়না ঘর, গুম, গ্রেপ্তার ও দমন-পীড়নের ঘটনা ঘটেছে। তিনি আমলাদের কোনো রাজনৈতিক দলের নয়, দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 

























