বাংলাদেশের রাষ্ট্রগঠনের দীর্ঘ ইতিহাস মানুষের অধিকার, ন্যায়বিচার ও মর্যাদা প্রতিষ্ঠার নিরন্তর সংগ্রামেরই প্রতিচ্ছবি। ভাষা আন্দোলন থেকে শুরু করে উনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন এবং সাম্প্রতিক জুলাইয়ের গণঅভ্যুত্থান—প্রতিটি অধ্যায়ের মূলে ছিল জনগণের মুক্তি, বৈষম্যের অবসান এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার সুতীব্র আকাঙ্ক্ষা। ইতিহাসের প্রতিটি বাঁকে এ দেশের জনগণ বারবার প্রমাণ করেছে যে, রাষ্ট্র যখন জনগণের প্রত্যাশা থেকে বিচ্যুত হয়, তখন জনগণই পরিবর্তনের মূল শক্তি হয়ে ওঠে। জুলাইয়ের গণঅভ্যুত্থান সেই ঐতিহাসিক ধারাবাহিকতারই সর্বশেষ ও তাৎপর্যপূর্ণ দৃষ্টান্ত।
জুলাইয়ের এই আন্দোলনকে কেবল একটি সরকারের পতনের মধ্যে সীমাবদ্ধ করে দেখলে এর প্রকৃত তাৎপর্য অনুধাবন করা সম্ভব নয়। এটি ছিল দীর্ঘদিনের বৈষম্য, অন্যায়, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, রাজনৈতিক প্রতিহিংসা, মতপ্রকাশের স্বাধীনতা সংকোচন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর জনগণের আস্থাহীনতার বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদের এক গভীর বহিঃপ্রকাশ। মানুষ রাজপথে নেমেছিল কেবল শাসক পরিবর্তনের জন্য নয়; তারা চেয়েছিল রাষ্ট্র পরিচালনার মূল দর্শনেরই পরিবর্তন।
এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন কিংবা চিরদিনের জন্য পঙ্গুত্ববরণ করেছেন, তারা ব্যক্তিগত কোনো স্বার্থে আত্মত্যাগ করেননি। তাদের অধিকাংশই ছিলেন তরুণ, যাদের সামনে ছিল উজ্জ্বল ভবিষ্যৎ, পরিবার, শিক্ষা ও অসংখ্য স্বপ্ন। তবুও তারা রাজপথে নেমেছিলেন, কারণ তারা বিশ্বাস করতেন—একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ব্যক্তিগত নিরাপত্তার চেয়েও জাতির ভবিষ্যৎ অনেক বড়। তাদের এই আত্মত্যাগ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য নৈতিক শক্তি হিসেবে বিবেচিত হবে।
আজ সেই আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন কেবল স্মৃতিচারণের মাধ্যমে নয়, বরং রাষ্ট্র পরিচালনায় তার প্রতিফলন ঘটানোর মাধ্যমেই সম্ভব। শহীদদের দায়িত্ব শেষ হয়েছে, কিন্তু জীবিতদের দায়িত্ব এখন শুরু। তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া, নতুন প্রজন্মের বিশ্বাসকে অক্ষুণ্ণ রাখা এবং রাষ্ট্রকে ন্যায়, জবাবদিহি ও সুশাসনের পথে এগিয়ে নেওয়াই আজকের সবচেয়ে বড় জাতীয় দায়িত্ব।
রিপোর্টারের নাম 






















