আগামী ১১ জুলাই রংপুরে অনুষ্ঠেয় ১১ দলীয় জোটের বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুরে এক বর্ণাঢ্য স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনমনে ব্যাপক সাড়া জাগায়।
সৈয়দপুর শহরের স্মৃতি অম্লান চত্বর থেকে শুরু হওয়া এই মিছিলটি পাঁচমাথা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির শফিকুল ইসলাম এবং শহর শাখার আমির শরফুদ্দিন খান। বক্তারা অভিযোগ করেন, জনদুর্ভোগ লাঘব এবং সীমান্ত হত্যার মতো জাতীয় ইস্যুগুলোতে সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।
সমাবেশে নেতারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা বন্ধ এবং পুশ-ইন প্রতিরোধের দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জানান। আগামী ১১ জুলাই রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত মহাসমাবেশে উত্তরবঙ্গের সর্বস্তরের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়। মিছিলে ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা অংশ নেন।
রিপোর্টারের নাম 

























