জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিগত সময়ে বিএনপি ক্ষমতায় এসে দেশের মানুষকে নিরবচ্ছিন্ন বিদ্যুতের পরিবর্তে হারিকেন ও মোমবাতি উপহার দিয়েছিল। বৃহস্পতিবার বিকেলে ফেনীর সোনাগাজী পৌরসভা চত্বরে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন এবং কর্মসংস্থান সৃষ্টির দাবিতে এই সভার আয়োজন করা হয়।
বক্তব্যে হাসনাত আবদুল্লাহ আক্ষেপ করে বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন, তাদের প্রত্যাশা আমরা এখনো পুরোপুরি পূরণ করতে পারিনি। দেশে এখনো দুর্নীতি, চাঁদাবাজি এবং মাদকের প্রভাব বিদ্যমান। তিনি অভিযোগ করেন, ক্ষমতার পালাবদল হলেও অনেক ক্ষেত্রে শুধু শোষণের পক্ষ পরিবর্তন হয়েছে। সোনাগাজীর স্থানীয় পরিস্থিতির উদাহরণ দিয়ে তিনি বলেন, আগে এক পক্ষ বালু ব্যবসা ও মামলা বাণিজ্য করত, এখন অন্য পক্ষ সেই একই পথে হাঁটছে।
কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, জুলাই আন্দোলনের অন্যতম মূল দাবি ছিল বেকারত্ব দূর করা। কিন্তু সরকার পরিবর্তনের ছয় মাস পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত কর্মসংস্থান সৃষ্টি হয়নি। শিক্ষিত যুবকদের হাতে চাকরির বদলে মাদক ও জুয়া পৌঁছে যাচ্ছে যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি রাজনৈতিক দলগুলোকে সাধারণ মানুষের দুঃখ-কষ্ট বোঝার জন্য তৃণমূল পর্যায়ে যাওয়ার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 
























