সিলেটের জেলা প্রশাসক (ডিসি) পদে যোগ দিতে পারলেন না মু. রেজা হাসান। বদলির আদেশ পাওয়ার ১১ দিন পরও তার যোগদান স্থগিত হওয়ায় ব্যাপক রহস্য ও আলোচনার সৃষ্টি হয়। অবশেষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের নতুন ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা-২ থেকে বৃহস্পতিবার এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
গত ২৮ জুন কুমিল্লার ডিসি মু. রেজা হাসানকে সিলেটের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। আদেশ পেয়ে তিনি সিলেটের উদ্দেশে রওনা দিলেও ঢাকা বিমানবন্দর থেকে মন্ত্রণালয়ের নির্দেশে তাকে ফিরে যেতে হয়। গত ১ জুলাই তার সিলেটে যোগদানের কথা ছিল। এই আকস্মিক পরিবর্তন নিয়ে প্রশাসনের ভেতরে ও বাইরে নানা গুঞ্জন শুরু হয়।
এর আগে গত ২১ জুন সিলেটের তৎকালীন ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। তার বদলির কারণ প্রজ্ঞাপনে উল্লেখ না থাকলেও প্রশাসনিক ও রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়। দায়িত্ব পালনকালে সারওয়ার আলম হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারে দানের অর্থের ব্যবস্থাপনায় পরিবর্তন আনার উদ্যোগ নিয়ে বিশেষ আলোচনায় এসেছিলেন।
সিলেটের জেলা প্রশাসক পদ নিয়ে প্রায় ১৯ দিনের এই রহস্যের সুনির্দিষ্ট কোনো কারণ এখনো জানা যায়নি। তবে একটি সূত্র জানিয়েছে, রেজা হাসানের নিয়োগটি স্থানীয় একজন মন্ত্রীর মনমতো হয়নি এবং তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে এ বিষয়ে আপত্তি জানিয়েছিলেন। এই প্রেক্ষাপটে রেজা হাসানকে যোগ দিতে দেওয়া হয়নি বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 























