কুড়িগ্রামের উলিপুরে বাড়ির টিনের বেড়া থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধ দম্পতির করুণ মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উলিপুর পৌরসভার বলদিপাড়া এলাকায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহতরা হলেন ৭০ বছর বয়সী সাইদুর রহমান ও তার স্ত্রী রাবেয়া বেগম (৬০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে রাবেয়া বেগম বাড়ির টিউবওয়েলে পানি আনতে যাওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে থাকা টিনের বেড়ায় স্পর্শ করেন। তাকে বাঁচাতে স্বামী সাইদুর রহমান এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী দুজনের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক লাইনের ত্রুটির কারণে পুরো টিনের ঘরটি বিদ্যুতায়িত হয়েছিল।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। আকস্মিক এই দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে বলদিপাড়ার আকাশ-বাতাস।
রিপোর্টারের নাম 

























