সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১৩ লাখ টাকা মূল্যের ৩ হাজার ৭০৮ কেজি ভারতীয় ফুসকা জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার ভোরে উত্তর বড়দল ইউনিয়নের আমবাড়ী গ্রামের গোলহাটি এলাকা থেকে এই বিপুল পরিমাণ অবৈধ খাদ্যসামগ্রী উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয়। জব্দকৃত ফুসকার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৯৭ হাজার ৮০০ টাকা বলে জানানো হয়েছে।
এই ঘটনায় শাকিল, মিলন মিয়া ও ফরিদ মিয়াসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সীমান্ত দিয়ে অবৈধ পথে পণ্য আনা রোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা।
রিপোর্টারের নাম 























