টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্রে প্রায় ৫০০ পর্যটক আটকা পড়েছেন। খাগড়াছড়ি-সাজেক সড়কের একাধিক স্থানে পানি উঠে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে আটকে পড়া পর্যটকরা সবাই নিরাপদে আছেন বলে স্থানীয় প্রশাসন ও পর্যটন সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন।
সাজেক কটেজ অ্যান্ড রিসোর্ট মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, সাজেকের মাচালং এলাকায় সড়ক তলিয়ে যাওয়ায় পর্যটকরা ফিরতে পারছেন না। এই পরিস্থিতিতে মানবিক বিবেচনায় রিসোর্ট মালিকরা আটকে পড়া পর্যটকদের বিনামূল্যে থাকার সুযোগ করে দিয়েছেন। এছাড়া পর্যটকদের প্রয়োজনীয় খাবার ও নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও রিসোর্ট কর্তৃপক্ষ সমন্বয় করে কাজ করছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান জানান, সাজেকে অবস্থানরত পর্যটকদের সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসনের সদস্যরা যৌথভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। মাচালং এলাকা থেকে পানি নেমে গেলেই সড়ক যোগাযোগ পুনরায় সচল হবে এবং পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনা হবে।
এদিকে, বর্তমান আবহাওয়া পরিস্থিতি ও পাহাড়ধসের ঝুঁকি বিবেচনায় রাঙামাটি জেলা প্রশাসন সাজেক পর্যটন কেন্দ্রে ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন কোনো পর্যটককে সাজেকে না যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, পানি নেমে গেলে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে।
রিপোর্টারের নাম 

























