গভীর বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলার ডুবে পটুয়াখালীর ছয়জন জেলে গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। বাংলাদেশ কোস্ট গার্ড ও স্থানীয় জেলেরা নিখোঁজদের সন্ধানে যৌথভাবে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে।
জানা গেছে, গত শনিবার (৪ জুলাই) রাতে গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়ন থেকে মোট ১১ জন জেলেকে নিয়ে একটি মাছ ধরার ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। এরপর রোববার (৫ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী এলাকা থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে গভীর বঙ্গোপসাগরে প্রবল ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে ডুবে যায়।
ট্রলারডুবির পর জেলেরা ট্রলারের ভাঙা অংশ এবং একটি বয়া আঁকড়ে ধরে দীর্ঘ প্রায় ছয় ঘণ্টা সাগরে ভাসতে থাকেন। পরবর্তীতে অন্য একটি মাছ ধরার ট্রলার তাদের দেখতে পেয়ে পাঁচজন জেলেকে জীবিত উদ্ধার করে। উদ্ধার হওয়া জেলেরা হলেন— বায়েজিদ (৩০), ইমাদুল সিকদার (৪০), নাজমুল (৩০), রাকিব (২২) ও সজীব (২৫)।
তবে এখনো নিখোঁজ রয়েছেন ইমাদুল খাঁ (৪৫), হারুন (৬০), ফোরকান (৪৫), সায়েদ (২০), আল-আমিন (৪০) ও আক্কাস (২৫)। গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজার মো. ইজাজুল হক জানিয়েছেন, ট্রলারডুবির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হয়েছে এবং নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্ট গার্ডের অভিযান জোরদার করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























