ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় বোমা হামলার প্রতিবাদে রাজধানী ঢাকায় মশাল মিছিল করেছে দলটির ঢাকা মহানগর উত্তর শাখা। সোমবার গভীর রাতে এই মিছিল অনুষ্ঠিত হয়, যেখানে হামলাকারীদের বিচার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
সোমবার রাত ১২টার দিকে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে জুলাই স্মৃতিস্তম্ভের পাদদেশে গিয়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশও অনুষ্ঠিত হয়।
সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বক্তব্য রাখেন। মশাল মিছিলে এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবদিন শিশির, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিনসহ ঢাকা মহানগর উত্তর এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা সাভারের হামলার ঘটনার তীব্র নিন্দা জানান এবং দ্রুত বিচার দাবি করেন।
উল্লেখ্য, এর আগে ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা-পরবর্তী সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই হামলায় অন্তত চারজন আহত হয়েছিলেন।
রিপোর্টারের নাম 























