কক্সবাজার জেলায় টানা ভারী বৃষ্টিপাত এবং সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে এবং মাঠপর্যায়ে কার্যক্রম চলমান রয়েছে।
সোমবার (৬ জুলাই) বিকেলে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক জরুরি সভায় এসব তথ্য জানান জেলা প্রশাসক মো. আ. মান্নান। তিনি উল্লেখ করেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ২৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং আগামী তিন দিন আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতি বিবেচনায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা আহ্বান করা হয়।
সভায় বিভিন্ন সরকারি দপ্তর, সংস্থা এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। জেলা প্রশাসক জানান, ফায়ার সার্ভিসের পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকেও খুব শিগগিরই একটি জরুরি কন্ট্রোল রুমের নম্বর প্রকাশ করা হবে। এছাড়াও বিভিন্ন এলাকায় স্বেচ্ছাসেবকরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন। মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে শুকনো খাবার, পুষ্টিকর খাদ্য এবং প্রয়োজনীয় ত্রাণসামগ্রী প্রস্তুত রাখা হয়েছে।
তিনি আরও জানান, জেলা প্রশাসকের কার্যালয়ে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হচ্ছে, যার মাধ্যমে জেলার যেকোনো প্রান্তে জরুরি পরিস্থিতির খবর পাওয়া গেলে দ্রুত সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত জেলার কোথাও পানিবন্দি হওয়ার খবর পাওয়া যায়নি।
তবে, রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে আটজনের মৃত্যু হয়েছে এবং কক্সবাজার সদর পৌরসভায়ও একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আবহাওয়া অধিদপ্তরের ভারী বৃষ্টির পূর্বাভাস পাওয়ার পর তিন দিন আগ থেকেই প্রশাসনের পক্ষ থেকে মাইকিংসহ বিভিন্ন মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য নিয়মিত প্রচার ও অনুরোধ জানানো হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। জরুরি সভায় অংশগ্রহণকারী বিভিন্ন সরকারি দপ্তর, সংস্থা এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরাও চলমান পরিস্থিতি মোকাবিলায় নিজেদের মতামত ও করণীয় তুলে ধরেন।
রিপোর্টারের নাম 






















