গাজীপুরে এক পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি বর্তমান সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর মানুষ ভোট দিয়ে জুলাই সনদকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু বিএনপি সরকার গঠন করার পর সেই সনদকে অস্বীকার করে জনগণের সঙ্গে প্রতারণা ও বেঈমানি করছে।
সোমবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ বাজারে আয়োজিত এক পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়। নাহিদ ইসলাম বলেন, যদি অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করা না হয়, তবে বিগত ফ্যাসিস্ট সরকারের মতো এই সরকারকেও বিদায় নিতে হবে।
তিনি আরও অভিযোগ করেন যে, গণঅভ্যুত্থানের সময় অনেকে বিদেশে থাকলেও এখন দেশে ফিরে নেতৃত্বের দাবি করছেন। তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, জাতীয়তাবাদের নামে ব্যবসা এবং সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। পাশাপাশি বিদ্যুতের ঘাটতি পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রয়োজনীয় সংস্কার দ্রুত বাস্তবায়নের দাবি জানান তিনি।
পথসভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তার নিজ এলাকা থেকেই মাদক নির্মূল করতে পারছেন না, তিনি দেশের আইনশৃঙ্খলা কীভাবে রক্ষা করবেন? তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হাদী ও ওমর ফারুকসহ সকল নিহতের হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানান। অনুষ্ঠান থেকে এনসিপি দেশব্যাপী ১০০টি উপজেলা ও পৌরসভায় মাসব্যাপী পদযাত্রার আনুষ্ঠানিক ঘোষণা দেয়।
রিপোর্টারের নাম 






















