সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর ও বরগুনায় পৃথক দুটি বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় একই পরিবারের সদস্যসহ মোট পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসঙ্গে দলটির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা এবং দেশের ত্রুটিপূর্ণ বিদ্যুৎ সঞ্চালন লাইন দ্রুত মেরামতের দাবি জানানো হয়েছে।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই শোক প্রকাশ করেন। বিবৃতিতে তিনি জানান, বরগুনা সদর এলাকায় চার্জে থাকা অটোরিকশার বিদ্যুৎ সংযোগ খুলতে গিয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু এবং তাদের এক মেয়ের আহত হওয়া অত্যন্ত বেদনাদায়ক। অন্যদিকে, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে একটি মুদির দোকানের ওপর বিদ্যুতের লাইন ছিঁড়ে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন, ফরহাদ, তার বাবা নুরুল আমিন এবং মা ফাতেমা আক্তারের মৃত্যু হয়।
অ্যাডভোকেট জুবায়ের নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা প্রত্যাশা করেন। তিনি বলেন, বিদ্যুতায়িত হয়ে ক্ষতিগ্রস্ত এসব পরিবারকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান ও সার্বিক সহযোগিতা করা উচিত। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সারা দেশের ত্রুটিপূর্ণ বিদ্যুৎ সঞ্চালন লাইন দ্রুত মেরামতের আহ্বান জানান তিনি।
বিবৃতিতে জামায়াতের এই নেতা বিশ্বম্ভরপুরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন এবং এ ক্ষেত্রে বিদ্যুৎ বিভাগের কোনো কর্মকর্তার গাফিলতি থাকলে তাকেও শাস্তির আওতায় আনার কথা বলেন। এছাড়া, বরগুনায় আহত শিশুর সুচিকিৎসা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
রিপোর্টারের নাম 

























