ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত রোববার সন্ধ্যায় উপজেলার বাহাদুরপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো— চরচারতলা গ্রামের আলম মিয়ার ছেলে চান বাদশা (৮) এবং তালশহর দক্ষিণপাড়া গ্রামের নাছির নিয়াজের ছেলে রিয়ান নিয়াজ (১২)। তারা উভয়েই স্থানীয় বাহাদুরপুর খন্দকার বাবুল শাহ হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার ছাত্র ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে খেলাধুলা শেষে তিন শিক্ষার্থী মাদরাসার পাশের একটি পুকুরে গোসল করতে নামে। ওই সময় পুকুরের ওপর দিয়ে যাওয়া একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে পানিতে পড়ে থাকায় পুরো পুকুরটি বিদ্যুতায়িত হয়ে ছিল। বিষয়টি বুঝতে না পেরে পানিতে নামার সাথে সাথেই তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় রাহীম নামে আরও এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশুগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা আবু হেনা মো. মোস্তফা রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 
























