যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে প্রবাসী বাঙালিদের মননশীল সাংস্কৃতিক সংগঠন ‘রেনেসাঁ কালচারাল গ্রুপ’-এর উদ্যোগে এক জমকালো বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সংগঠনের পরিচালক শিল্পী শফিকুল ইসলাম রুবেলের তত্ত্বাবধানে এবং সহকারী পরিচালক সুলায়মান আল মাহমুদের ব্যবস্থাপনায় এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাহেদুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফেজ মোমিনুল ইসলাম।
মিশিগানের ওয়ারেন শহর থেকে উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণকারীরা লেক্সিংটন স্টেট হারবারের উদ্দেশ্যে যাত্রা করেন। যাত্রাপথে বাসের ভেতরেই গান, কবিতা আবৃত্তি এবং স্মৃতিচারণের মধ্য দিয়ে এক প্রাণবন্ত সাংস্কৃতিক আবহের সৃষ্টি হয়। লেক্সিংটন স্টেট হারবারে পৌঁছে সাগরের নীল জলরাশির তীরে সবাই মধ্যাহ্নভোজে অংশ নেন। এরপর ফুটবল খেলা ও সাঁতারসহ বিভিন্ন বিনোদনমূলক কর্মকাণ্ড পুরো আয়োজনকে আরও আনন্দময় করে তোলে।
আয়োজকরা জানান, প্রবাসে থেকেও দেশীয় সংস্কৃতি ও সুস্থ ধারার শিল্পচর্চাকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন। অংশগ্রহণকারী শিল্পীরা মনে করেন, এ ধরনের মিলনমেলা প্রবাস জীবনে পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সুস্থ সংস্কৃতি চর্চার এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যা প্রবাসে বাঙালি সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে।
রিপোর্টারের নাম 
























