রাজধানীর বনানী থানায় দায়ের করা হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন সংক্রান্ত শুনানির দিন পিছিয়েছে। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত শুনানির নতুন তারিখ হিসেবে আগামী ৮ জুলাই নির্ধারণ করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ২ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম সাবেক প্রধান বিচারপতিকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী সোমবার শুনানি হওয়ার কথা থাকলেও মামলার মূল নথি না থাকায় আদালত তা পিছিয়ে দেন। আগামী ৮ জুলাই ভার্চুয়ালি এই শুনানি অনুষ্ঠিত হবে।
মামলার বিবরণে বলা হয়েছে, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মহাখালী সেতু ভবনের সামনে বিক্ষোভকারীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে উজ্জ্বল মিয়াসহ বেশ কয়েকজন আহত হন। এই ঘটনায় বনানী থানায় মামলাটি দায়ের করা হয়। উল্লেখ্য, বিচারপতি খায়রুল হক বর্তমানে ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন এবং তার বিরুদ্ধে আরও বেশ কিছু মামলা বিচারাধীন রয়েছে।
রিপোর্টারের নাম 





















