বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে রংপুরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন শাখা ডাকঘরের কর্মচারীরা। সোমবার দুপুরে রংপুর প্রধান ডাকঘরের সামনে জেলা ডাক কর্মচারী ইউনিয়নের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। ধর্মঘটের কারণে জেলার বিভিন্ন শাখা ডাকঘরের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
আন্দোলনরত কর্মচারীরা জানান, বর্তমান বাজারে মাত্র ৪ হাজার ৩শ ৫৪ টাকা মাসিক বেতনে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। দৈনিক মজুরি হিসেবে যা মাত্র ১৩৩ টাকা দাঁড়ায়। অথচ একজন সাধারণ দিনমজুরও এর চেয়ে কয়েক গুণ বেশি আয় করেন। বৈষম্যের অভিযোগ তুলে তারা বলেন, একই ধরনের কাজ করেও সরকারি সুযোগ-সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যতক্ষণ পর্যন্ত তাদের ন্যায্য দাবি পূরণ না হবে এবং হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ২৯ হাজার কর্মচারীকে স্বীকৃতি দেওয়া না হবে, ততক্ষণ এই কর্মবিরতি চলবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মস্থলে ফিরবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন।
রিপোর্টারের নাম 






















