ময়মনসিংহের গৌরীপুরে পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতরা হলো ওই গ্রামের সুলতান মিয়ার দুই মেয়ে রিয়া মনি (৭) ও ইলমা (৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ছোট বোন ইলমা অসাবধানতাবশত বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। তাকে বাঁচাতে বড় বোন রিয়া মনি পানিতে ঝাঁপ দিলে সেও তলিয়ে যায়। পরে স্থানীয়রা রিয়া মনির মরদেহ উদ্ধার করতে পারলেও ইলমা নিখোঁজ থাকে। খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ তল্লাশি চালিয়ে সন্ধ্যা ৬টার দিকে ইলমার মরদেহ উদ্ধার করে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের ইউনিট লিডার সাইফুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই তারা উদ্ধার অভিযান শুরু করেন এবং নিখোঁজ শিশুটির মরদেহ উদ্ধার করতে সক্ষম হন। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুই শিশুর এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 

























