দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং সামরিক ব্যয় অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় তীব্র বাজেট ঘাটতির মুখে পড়েছে ইসরায়েল। এই আর্থিক সংকট কাটিয়ে উঠতে দেশটি তাদের সংরক্ষিত বাহিনীর বা রিজার্ভ ফোর্সের প্রায় ১০ হাজার সেনাকে অব্যাহতি দেওয়ার পরিকল্পনা করছে। বর্তমানে সক্রিয় থাকা প্রায় ৬০ হাজার রিজার্ভ সেনার সংখ্যা কমিয়ে ৫০ হাজারে নামিয়ে আনার এই প্রক্রিয়াটি জুলাই মাসের শেষ নাগাদ কার্যকর হতে পারে বলে দেশটির গণমাধ্যমে জানানো হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে বাজেট বরাদ্দ নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সেনাবাহিনী তাদের একাধিক ফ্রন্টে যুদ্ধের কথা উল্লেখ করে রেকর্ড পরিমাণ বাজেট বৃদ্ধির দাবি জানালেও অর্থ মন্ত্রণালয় মনে করছে, এতে সরকারের সামগ্রিক অর্থনীতি ধসে পড়তে পারে। শেষ পর্যন্ত দুই পক্ষের সমঝোতা অনুযায়ী, রিজার্ভ সেনার ওপর নির্ভরতা কমিয়ে সামরিক পরিচালন ব্যয় কমানোর শর্তে অতিরিক্ত অর্থ বরাদ্দে একমত হয়েছে সরকার।
বিশ্লেষকরা মনে করছেন, এই ছাঁটাই পরিকল্পনা ইসরায়েলের সামরিক সক্ষমতা এবং দীর্ঘমেয়াদী যুদ্ধ কৌশলের ওপর প্রভাব ফেলতে পারে। তবে চরম অর্থনৈতিক মন্দা এড়াতে এবং বাজেট ঘাটতি নিয়ন্ত্রণে রাখা দেশটির সরকারের জন্য এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
রিপোর্টারের নাম 
























