বাজার মনিটরিং কার্যক্রমকে আরও কার্যকর, সমন্বিত ও ফলপ্রসূ করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল অংশীজনের মধ্যে পারস্পরিক সমন্বয়, আন্তরিক সহযোগিতা এবং টিম লিডারদের নেতৃত্ব দক্ষতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন বাণিজ্যসচিব মো. আতাউর রহমান খান।
রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বাজার মনিটরিং কাজে নিয়োজিত টিম লিডারদের দক্ষতা বৃদ্ধিবিষয়ক এক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাণিজ্যসচিব উল্লেখ করেন, বাজার তদারকির সঙ্গে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানই একটি অভিন্ন লক্ষ্য নিয়ে কাজ করছে। তার মতে, এক্ষেত্রে সক্ষমতার ঘাটতির চেয়েও বড় চ্যালেঞ্জ হলো কার্যকর সমন্বয়, পারস্পরিক সহযোগিতা এবং মাঠ পর্যায়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা নিশ্চিত করা।
তিনি আরও বলেন, মোটিভেশন কেবল একটি ধারণা নয়, এটিকে বাস্তব কর্মপরিকল্পনার মাধ্যমে মাঠ পর্যায়ে প্রয়োগ করতে হবে। অভিজ্ঞতা বিনিময় এবং কার্যকর কর্মপদ্ধতির মাধ্যমে বাজার ব্যবস্থাপনাকে আরও গতিশীল করা সম্ভব। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, বাজার মনিটরিং কার্যক্রম মূলত বাণিজ্য মন্ত্রণালয় এবং এর অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত হয়। পাশাপাশি সরকারের আরও কয়েকটি মন্ত্রণালয় ও দপ্তর সংস্থাও এই কাজে জড়িত। বাস্তবে এটি সকল দপ্তর ও সংস্থার সমন্বিত দায়িত্ব। মাঠ পর্যায়ে দ্রুত উপস্থিতি, সমন্বিত কার্যক্রম এবং দায়িত্বশীলভাবে কাজ সম্পন্ন করাই এই ব্যবস্থার মূল শক্তি।
টিম লিডারদের উদ্দেশে তিনি বলেন, নেতৃত্ব হতে হবে দক্ষ, সময়োপযোগী ও ফলাফলনির্ভর। মাঠ পর্যায়ে যেকোনো সমন্বয়হীনতা দ্রুত সমাধান করে কার্যক্রম সুশৃঙ্খলভাবে এগিয়ে নিতে হবে। তিনি আরও যোগ করেন, প্রতিটি বিভাগের ছোট ছোট সফল উদ্যোগই সামগ্রিক বাজার ব্যবস্থাপনাকে শক্তিশালী করে। তাই প্রত্যেক কর্মকর্তার পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের বাজার মনিটরিং ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার পরিকল্পনার কথা উল্লেখ করে বাণিজ্যসচিব জানান, মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শিগগিরই একটি পাওয়ার অ্যাপ (Power App) উন্নয়ন, টিসিবির কার্যক্রমে এআই-ভিত্তিক (AI) মডেল প্রণয়ন এবং বিদ্যমান বাজার মনিটরিং অ্যাপ আরও উন্নত ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে। এ সময় তিনি মাঠ পর্যায়ে বাজার নজরদারি আরও কার্যকর করার ওপরও জোর দেন।
রিপোর্টারের নাম 
























