নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজ হওয়ার ছয় দিন পর মাছুম রানা (৩৫) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার তালতলা এলাকার একটি ডোবা থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাছুম বন্দর উপজেলার সোনাচরা এলাকার বাচ্চু মিয়ার ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি মাছুম। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। নিহতের স্ত্রী সুমা আক্তারের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে তাকে পরিকল্পিতভাবে অপহরণের পর কুপিয়ে হত্যা করে মরদেহ গুমের উদ্দেশ্যে ডোবায় ফেলে রাখা হয়েছে। তিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
বন্দর থানার উপ-পরিদর্শক রাজীব হোসেন জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রিপোর্টারের নাম 
























