হবিগঞ্জের বাহুবল উপজেলায় রিম্পা চক্রবর্তী (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার মিরপুর ইউনিয়নের বাদে বামৈ গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রিম্পা ওই গ্রামের বিধান চক্রবর্তীর প্রথম স্ত্রী এবং তিনি এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিধান চক্রবর্তীর দুই স্ত্রী একই বাড়িতে বসবাস করতেন। ঘটনার দিন সকালে পরিবারের সদস্যরা রিম্পাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন। বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানিয়েছেন, এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টারের নাম 
























