টাঙ্গাইলের ধনবাড়ীতে একটি বেসরকারি হাসপাতালে টনসিল অপারেশনের প্রস্তুতির সময় ইনজেকশন দেওয়ার পর ৯ বছর বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে উপজেলার ‘আল মদিনা হাসপাতালে’ এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত শিশু চাদনী উপজেলার মুশুদ্দি ইউনিয়নের সয়া গ্রামের আপনের মেয়ে। স্বজনদের অভিযোগ, চিকিৎসকদের চরম অবহেলা ও ভুল ইনজেকশনের কারণেই শিশুটির মৃত্যু হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, ১৩ হাজার টাকায় টনসিল অপারেশনের চুক্তিতে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অপারেশন থিয়েটারে নেওয়ার পর একটি ইনজেকশন দেওয়া হলে সে অচেতন হয়ে পড়ে। অবস্থা আশঙ্কাজনক দেখে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে দ্রুত ময়মনসিংহে স্থানান্তরের পরামর্শ দেয়। পরে রাত ৯টার দিকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী হাসপাতাল ঘেরাও করে জানালার কাঁচ ও সাইনবোর্ড ভাঙচুর করে। পরিস্থিতি বেগতিক দেখে হাসপাতালের মালিক ও চিকিৎসকসহ সংশ্লিষ্টরা তালা লাগিয়ে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিশুর মরদেহ হেফাজতে নেয়। ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 



















