দেশের স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন আনতে এবং অনিয়ম রুখতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, স্বাস্থ্য বিভাগে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে অভিযুক্তকে কেবল বদলি নয়, বরং সরাসরি চাকরি থেকে বরখাস্ত করা হবে। শনিবার নরসিংদী ডায়াবেটিক হাসপাতালের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিতে প্রতিটি উপজেলা হাসপাতালকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করা হচ্ছে। এছাড়া চীনের কারিগরি সহায়তায় দেশে ২০টি অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে, যার একটি নরসিংদীতে স্থাপন করা হবে। প্রান্তিক পর্যায়ের রোগীদের সুবিধার্থে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি করে কিডনি ডায়ালাইসিস মেশিন স্থাপনের পরিকল্পনাও তুলে ধরেন তিনি।
বেসরকারি হাসপাতালগুলোর সেবার মান নিশ্চিত করতে মন্ত্রী বলেন, প্রতিটি বেসরকারি হাসপাতালে ১০ শয্যার লেবার ওয়ার্ড থাকা বাধ্যতামূলক। আইন অমান্যকারী প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া হাসপাতালগুলোকে দালালমুক্ত করতে সিভিল সার্জনদের কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। অনুষ্ঠানে জেলার সংসদ সদস্যবৃন্দ এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 






















