টাঙ্গাইলের মির্জাপুরে এইচএসসি পরীক্ষায় পরীক্ষার্থীদের হাতে ভুলবশত ২০২৫ সালের সিলেবাসের প্রশ্নপত্র তুলে দেওয়ার ঘটনায় দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বাংলা প্রথম পত্র পরীক্ষার সময় মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ কেন্দ্রে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
জানা গেছে, কেন্দ্রের অডিটরিয়াম কক্ষে পরীক্ষা চলাকালে ভারতেশ্বরী হোমসের এক পরীক্ষার্থীকে বর্তমান সিলেবাসের পরিবর্তে আগামী বছরের সৃজনশীল প্রশ্নপত্র দেওয়া হয়। বিষয়টি প্রায় ২০ মিনিট পর নজরে আসে যখন সংশ্লিষ্ট কর্মকর্তারা কক্ষ পরিদর্শনে যান। পরে দ্রুত প্রশ্ন পরিবর্তন করে দেওয়া হলেও এ ঘটনায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
কলেজ কর্তৃপক্ষ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, কর্তব্যে অবহেলার দায়ে ওই কক্ষের পরিদর্শক দুই শিক্ষককে চলতি বছরের সকল পরীক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।
রিপোর্টারের নাম 

























