নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলা এলাকা থেকে নিখোঁজের একদিন পর মোতালেব হোসেন (৬১) নামের এক বিকাশ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় জামতলা সড়কের পাশে তোশকে মোড়ানো অবস্থায় লাশটি পাওয়া যায়। পরে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত মোতালেব লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার শিবপুর এলাকার বাসিন্দা ছিলেন। দীর্ঘ সময় ধরে তিনি ফতুল্লার মাসদাইর গোরস্থান এলাকায় ফারুক মিয়ার জাজিরা টাওয়ারের ষষ্ঠ তলায় বসবাস করছিলেন। মাসদাইর বাজারে তার একটি লাইব্রেরি ও বিকাশ এজেন্টের ব্যবসা ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত থেকে মোতালেব হোসেন নিখোঁজ ছিলেন। তার স্বজনেরা ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা সড়কের পাশে একটি তোশকে মোড়ানো লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এবং পরে লাশটি মোতালেবের বলে শনাক্ত করা হয়।
ফতুল্লা থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবারই তাকে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং শ্বাসরোধের পাশাপাশি গরম পানির ছ্যাঁকা দেওয়ার আলামতও পাওয়া গেছে।
তিনি আরও জানান, ঘটনাটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ নিবিড় তদন্ত চালিয়ে যাচ্ছে।
রিপোর্টারের নাম 
























