হবিগঞ্জের বাহুবলে মাদক সেবন করে পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার ও অশান্তি সৃষ্টির দায়ে জমির উদ্দিন নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে উপজেলার মিরপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত জমির উদ্দিন ওই এলাকার আব্দুল গনির ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদক সেবন করে পরিবারের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অভিযুক্তের দেহ তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাকে কারাদণ্ড প্রদান করা হয় এবং উদ্ধারকৃত মাদক সবার সামনে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায় বলেন, মাদক সমাজের জন্য একটি বড় অভিশাপ। এর ফলে পারিবারিক ও সামাজিক অবক্ষয় বাড়ছে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতি বজায় থাকবে এবং এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। দণ্ডপ্রাপ্ত যুবককে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
রিপোর্টারের নাম 
























