দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী সিটি গ্রুপকে ঋণখেলাপি হওয়া থেকে বাঁচাতে বিশেষ সুবিধা প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক। তীব্র আর্থিক সংকটে থাকা এই গ্রুপটির দেশি-বিদেশি ৪৭টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে মোট ঋণের পরিমাণ ২৪ হাজার কোটি টাকার বেশি। বর্তমান ব্যবসায়িক পরিস্থিতি বিবেচনায় আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তাদের ঋণখেলাপি হিসেবে চিহ্নিত না করতে দেশের ৩৭টি বাণিজ্যিক ব্যাংককে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকগুলোকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সিটি গ্রুপের ঋণের বর্তমান শ্রেণিমান আগামী তিন মাস পর্যন্ত বহাল রাখা যাবে। তবে এক্ষেত্রে প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণ নিশ্চিত করতে হবে এবং প্রকৃত আয় ছাড়া কোনো সুদ আয় খাতে নেওয়া যাবে না। এর আগে গত ৩১ মার্চ সিটি গ্রুপ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে সাত ধরনের নীতি সহায়তা চেয়ে আবেদন করেছিল।
আবেদনে সিটি গ্রুপ উল্লেখ করেছে, দীর্ঘ ৫০ বছর ধরে তারা নিয়মিত ঋণ পরিশোধ করে আসলেও গত চার বছর ধরে বৈশ্বিক ও অভ্যন্তরীণ সংকটের কারণে তারা বড় ধরনের আর্থিক চাপের মুখে পড়েছে। দেশের অন্যতম বৃহৎ নিত্যপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে সরবরাহ চেইন স্বাভাবিক রাখতে তারা এই নীতি সহায়তার আবেদন জানায়। ব্যাংকারদের সংগঠন এবিবিও এই গ্রুপটিকে সহায়তা দেওয়ার পক্ষে মত দিয়েছে।
রিপোর্টারের নাম 






















