আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি জুলাই মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে, যা জুন মাসের তুলনায় বেশি। এই স্বাভাবিক বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। বুধবার দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির সভা শেষে সংস্থাটি এই তথ্য প্রকাশ করে।
অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মো. নূরুল করিম জানান, জুলাই মাসে মৌসুমী বৃষ্টিপাতজনিত কারণে দেশের প্রধান নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। এটি এমন এক সময়ে জানানো হলো যখন উত্তর-পূর্বাঞ্চলের মানুষ ইতোমধ্যেই উজানের ঢল ও ভারী বৃষ্টিতে সৃষ্ট স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি মোকাবিলা করছেন।
সংস্থাটির তিন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে (জুলাই-সেপ্টেম্বর) বলা হয়েছে, এই সময়ে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাত হলেও দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। বিচ্ছিন্নভাবে দেশে ৩ থেকে ৫টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। বঙ্গোপসাগরে ৪ থেকে ৬টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ১ থেকে ৩টি মৌসুমী নিম্নচাপে রূপ নিতে পারে। এছাড়া এই সময়ে দেশে ১০ থেকে ১৫ দিন বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
শুধু জুলাই মাসের পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়েছে যে, এই মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকবে। বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমী নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া এই মাসে দেশে ৮ থেকে ৯ দিন বজ্রপাত হতে পারে এবং ১ থেকে ২টি বিচ্ছিন্ন মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তর তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস থাকলে তাকে ‘মৃদু তাপপ্রবাহ’ হিসেবে গণ্য করে।
রিপোর্টারের নাম 






















