সিলেটে এক শিশুকে ধর্ষণের দায়ে ঘটনার প্রায় ১৪ বছর পর দুই যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম রুবাইয়া ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—বিশ্বনাথ উপজেলার শাহবাজপুর গ্রামের মো. জয়নাল ও কান্দিগাঁও গ্রামের নাজিম উদ্দিন। রায়ের সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১২ সালের ২৭ নভেম্বর বিশ্বনাথের কাইর ঘাট এলাকার এক নাবালিকা শিশু নানাবাড়ি যাওয়ার পথে আসামিরা তাকে রাস্তা থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে শাহবাজপুর গ্রামে জয়নালের বাড়িতে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে জয়নাল ও নাজিমকে অভিযুক্ত করে বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করেন।
দীর্ঘ তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট প্রদান করে। মামলায় পুলিশসহ মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আসামিদের সর্বোচ্চ এই দণ্ডাদেশ প্রদান করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নূর আহমদ রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘ সময় পর হলেও এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
রিপোর্টারের নাম 





















