বাংলা সাহিত্যের দুই উজ্জ্বল নক্ষত্র—একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত কবি আল মুজাহিদী এবং বিশিষ্ট নাট্যগবেষক ও লেখক ড. আবু হেনা আবিদ জাফরের স্মরণে রাজধানীতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শাহবাগের জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল হলে সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বক্তারা এই দুই গুণী মানুষের সাহিত্যকর্ম ও নৈতিক মূল্যবোধের ওপর আলোকপাত করেন।
প্রধান অতিথির বক্তব্যে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক চৌধুরী মাহমুদ হাসান বলেন, মরহুম আল মুজাহিদী ও ড. আবু হেনা আবিদ জাফর ছিলেন সুস্থ সংস্কৃতির ধারক ও বাহক। তাদের সৃষ্টিশীল কাজ নতুন প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ ও নৈতিক সমাজ গড়তে আজীবন অনুপ্রেরণা জোগাবে। প্রধান আলোচক ডাকসু জিএস এস এম ফরহাদ বলেন, তাদের লেখনীতে এ দেশের মাটি, মানুষ এবং অন্যায়ের বিরুদ্ধে দ্রোহের যে প্রতিফলন ঘটেছে, তা চিরকাল প্রাসঙ্গিক থাকবে।
সসাসের নির্বাহী পরিচালক এইচ এম আবু মুসার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওস্তাদ তোফাজ্জল হোসাইন খান ও শরীফ বায়েজিদ মাহমুদ। আলোচনা শেষে মরহুমদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বক্তারা তরুণ সমাজকে এই দুই মনীষীর সাহিত্যকর্ম পাঠ ও তাদের প্রদর্শিত আদর্শ অনুসরণের আহ্বান জানান।
রিপোর্টারের নাম 

























