প্রয়াত খ্যাতিমান কবি আল মুজাহিদীর বর্ণাঢ্য জীবন, সাহিত্যকর্ম ও সমাজ সংস্কারে তাঁর অসামান্য অবদান স্মরণে টঙ্গীতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকেলে টঙ্গীর আল-হেলাল স্কুল মিলনায়তনে দেশীয় সাংস্কৃতিক সংসদ, টঙ্গী অঞ্চলের উদ্যোগে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
স্মরণ সভায় বক্তারা বলেন, কবি আল মুজাহিদী তাঁর ক্ষুরধার লেখনীর মাধ্যমে সমাজে নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং দেশপ্রেমের চেতনা জাগ্রত করতে অনন্য ভূমিকা পালন করেছেন। তাঁর কালজয়ী সাহিত্যকীর্তি নতুন প্রজন্মের জন্য সব সময় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বক্তারা কবির আদর্শ ও সৃষ্টিশীল কাজগুলো তরুণ সমাজের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং তাঁর স্মৃতি সংরক্ষণে যথাযথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় শিল্পী কল্যাণ সম্পাদক মো. রফিকুল হায়দারের প্রধান অতিথিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাংবাদিক মুহাম্মদ হেদায়েত উল্লাহ। টঙ্গী পশ্চিম শাখার সভাপতি মো. মতিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
রিপোর্টারের নাম 

























