স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় সংসদে জানিয়েছেন যে, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে প্রস্তুতি গ্রহণ শুরু করেছে। নির্ধারিত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি তাদের রয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের এক প্রশ্নের জবাবে সংসদ কার্যে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল এসব কথা বলেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বের টেবিলে এসব প্রশ্ন ও উত্তর উত্থাপিত হয়।
এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ)-এর প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, নির্বাচন কমিশন প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট প্রদানের জন্য নিবন্ধন পদ্ধতি চালু করেছে। আগামী জাতীয় নির্বাচনেও এই উদ্যোগ অব্যাহত থাকবে এবং সর্বোচ্চ সংখ্যক প্রবাসী বাংলাদেশিকে এই পদ্ধতির আওতায় আনতে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে।
গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য আবদুল করিমের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী জানান, এই মুহূর্তে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বেতন বৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই। তিনি আরও উল্লেখ করেন, জেলা পরিষদ আইন, ২০০০ অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৫ অনুচ্ছেদের অধীনে নির্বাচিত কোনো জেলার সংসদ সদস্যরা ওই জেলার পরিষদের উপদেষ্টা হবেন এবং পরিষদের কার্যাবলি সম্পাদনে তাঁরা পরামর্শ প্রদান করবেন।
রিপোর্টারের নাম 

























