শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকগুলোর আমানতকারীদের অর্থ সুরক্ষা এবং ন্যায্য অধিকার নিশ্চিতের দাবিতে চট্টগ্রামের রাস্তায় বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে ‘সম্মিলিত পাঁচ ইসলামিক ব্যাংক ডিপোজিটরস অ্যাসোসিয়েশন’। সোমবার (২৯ জুন) এই কর্মসূচিতে শত শত আমানতকারী অংশ নেন।
নিউ মার্কেট মোড় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে অ্যাসোসিয়েশনের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের প্রধানের কাছে তিন দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি পেশ করে।
স্মারকলিপিতে উত্থাপিত প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে— গ্রাহকদের আমানতের ওপর আরোপিত ‘হেয়ার কাট’ বা অর্থ কর্তনের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করা, দ্রুত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম ফিরিয়ে আনা এবং আমানতের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে স্মারকলিপিটি গভর্নরের কাছে পাঠানোর এবং বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে।
স্মারকলিপি প্রদান শেষে নিউ মার্কেট মোড়ে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে অ্যাসোসিয়েশনের সভাপতি মু. আবুল কালাম আজাদ এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন। তারা শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকের আমানতকারীদের স্বার্থ রক্ষায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। অন্যথায়, ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।
রিপোর্টারের নাম 

























