দক্ষিণ কোরিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সেমিকন্ডাক্টর বা চিপ খাতের উন্নয়নে একটি বিশাল মেগা-প্রকল্প হাতে নিয়েছে। আগামী কয়েক বছরে শত শত কোটি ডলার বিনিয়োগের মাধ্যমে এই শিল্পে দেশের নেতৃত্ব সুসংহত করার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লি জে মিউং।
সোমবার এই বড় প্রকল্পের ঘোষণা দেওয়ার সময় প্রেসিডেন্ট লি জে মিউং দেশের এআই এবং চিপ খাতের লক্ষ্য পূরণের পাশাপাশি তাঁর রাজনৈতিক প্রতিশ্রুতি পূরণের ওপর জোর দেন। তিনি বলেন, এই পদক্ষেপের মাধ্যমে সিউল মহানগর এলাকার বাইরে অবস্থিত অঞ্চলের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা এবং আঞ্চলিক বৈষম্য কমানো সম্ভব হবে।
টেলিভিশনে সম্প্রচারিত এই ঘোষণার সময় প্রেসিডেন্টের সঙ্গে বিশ্বের শীর্ষ দুটি মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকস এবং এসকে হাইনিক্সের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রেসিডেন্ট লি বলেন, ‘অন্যান্য দেশের তুলনায় দ্রুত আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মূল উপাদানগুলো নিজেদের নিয়ন্ত্রণে আনতে হবে। সেমিকন্ডাক্টর, ফিজিক্যাল এআই এবং এআই ডেটা সেন্টার হলো আমাদের বড় অগ্রযাত্রার তিনটি প্রধান ভিত্তি।’
এই প্রকল্পগুলোর মাধ্যমে আগামী কয়েক বছরে স্যামসাং এবং এসকে হাইনিক্সসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বড় ধরনের বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। প্রেসিডেন্ট লি আরও জানান, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর গোয়াংজু এবং দক্ষিণ জিওলা প্রদেশে এই প্রকল্পগুলোতে প্রায় ৫২০ ট্রিলিয়ন ওয়ন (যা প্রায় ৩৩৬.৭০ বিলিয়ন ডলারের সমতুল্য) বিনিয়োগ করা হবে।
সামগ্রিক উদ্যোগের অংশ হিসেবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নতুন এবং বিশাল চিপ উৎপাদন কেন্দ্র বা ক্লাস্টার গড়ে তোলা হবে। ওই অঞ্চলের অব্যবহৃত এবং প্রচুর বিদ্যুৎ সম্পদ কাজে লাগানোর উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী বছরগুলোতে এই পরিকল্পিত বিনিয়োগের পরিমাণ ১ হাজার ট্রিলিয়ন ওয়ন (প্রায় ৬৫১.৪১ বিলিয়ন ডলার) ছাড়িয়ে যেতে পারে।
রিপোর্টারের নাম 

























