বাংলাদেশে অভিনয়শিল্পী ও সংগীতশিল্পী খোঁজার রিয়েলিটি শোগুলো দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে চলে আসছে। যদিও সময়ের সাথে সাথে এসব প্ল্যাটফর্ম থেকে উঠে আসা অনেক প্রতিভাকে পরবর্তীতে আর খুঁজে পাওয়া যায় না, তবে এবার নতুন প্রতিভাবান নায়ক-নায়িকা খুঁজে বের করার মিশনে নেমেছেন প্রতিষ্ঠিত দুই অভিনেত্রী ড. নাজনীন হাসান চুমকি ও রিচি সোলায়মান।
অভিনয় জগতে নিজেদের সুপ্রতিষ্ঠিত করেছেন চুমকি ও রিচি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নাজনীন চুমকি এবং নিজের নামকে ব্র্যান্ডে পরিণত করা জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান এবারই প্রথম একসঙ্গে একটি রিয়েলিটি শো’র প্রধান বিচারক হিসেবে কাজ করছেন। চার হাজার প্রতিযোগী থেকে প্রাথমিকভাবে চারশ জনকে বাছাই করা হয়েছিল। সেখান থেকে নাজনীন চুমকি, রিচি সোলায়মান এবং পরিচালক অনিমেষ আইচ মিলে মেধা ও অভিনয় নৈপুণ্যের ভিত্তিতে বিশ জন প্রতিভাবানকে নির্বাচন করেছেন।
এই বিশ জন থেকে গ্র্যান্ড ফিনালের মাধ্যমে চূড়ান্তভাবে চ্যাম্পিয়ন জুটি, প্রথম রানার্সআপ জুটি এবং দ্বিতীয় রানার্সআপ জুটি নির্বাচিত করা হবে। নাজনীন হাসান চুমকি এই বড় রিয়েলিটি শো’র প্রধান বিচারক হিসেবে কাজ করে অত্যন্ত আনন্দিত বলে জানান। অন্যদিকে, রিচি সোলায়মান এর আগে লাক্স ও রান্নাবিষয়ক রিয়েলিটি শো’র বিচারক হিসেবে কাজ করলেও, অভিনয়শিল্পী খুঁজে বের করার এই কাজটি তার কাছে অধিক দায়িত্বপূর্ণ মনে হয়েছে বলে উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 
























