যশোরের চৌগাছা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ২৪ কোটি ৪২ লাখ ১৪ হাজার ৭৮৫ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে পৌর কার্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বাজেট পেশ করেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনিব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম।
বাজেট বক্তৃতায় জানানো হয়, আগামী এক বছরে পৌরসভার অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নে এই অর্থ ব্যয় করা হবে। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফারজানা ইসলাম বলেন, ঘোষিত বাজেটের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে পারলে চৌগাছা একটি আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরিত হবে। তিনি পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীদের সেবার মানসিকতা নিয়ে কাজ করার এবং সাধারণ মানুষের সাথে সদাচরণ করার নির্দেশ দেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন, উপজেলা প্রকৌশলী সিদ্ধার্থ কুমার কুন্ডু, প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান এবং স্থানীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বাজেটে কর আদায় ব্যবস্থার আধুনিকায়ন এবং জনকল্যাণমূলক প্রকল্পগুলোকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানানো হয়।
রিপোর্টারের নাম 
























