সাবেক ছাত্র জমিয়ত নেতা হাফিজ সৈয়দ নাঈম আহমদের মৃত্যুদণ্ডাদেশ বাতিল এবং নিঃশর্ত মুক্তির দাবিতে সিলেটে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সাংস্কৃতিক সংগঠন ‘রেনেসাঁ’ এবং ‘সিলেট মহানগর জালালাবাদ ইমাম সমিতি’র উদ্যোগে পৃথকভাবে এই কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, আলেম-উলামা এবং বিভিন্ন ইসলামি ও সামাজিক সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০০৪ সালের একটি হত্যাচেষ্টা মামলায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে হাফিজ নাঈমকে জড়ানো হয়েছে। তাদের দাবি, কোনো নির্ভরযোগ্য সাক্ষী ছাড়াই এই রায় প্রদান করা হয়েছে, যা সম্পূর্ণ ন্যায়বিচারের পরিপন্থি। বক্তারা অবিলম্বে এই ‘ষড়যন্ত্রমূলক’ মামলার রায় বাতিল করে দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে কারাবন্দি এই নেতার মুক্তি দাবি করেন।
কর্মসূচিতে বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীসহ বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা বলেন, ফ্যাসিবাদী শাসন আমলে দায়ের করা মিথ্যা মামলায় আলেম-উলামাদের ওপর জুলুম করা হচ্ছে। বক্তারা সরকারকে হুশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে হাফিজ নাঈমসহ সকল রাজবন্দিদের মুক্তি না দিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
রিপোর্টারের নাম 
























