তরুণ প্রজন্মের কর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নকে প্রাধান্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জাতীয় বাজেট ২০২৬-২০২৭’ বিষয়ক একটি নীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট এন্ড পলিসির উদ্যোগে আয়োজিত এই সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, এবারের বাজেট কেবল সংখ্যার হিসাব নয়, বরং এটি একটি জনবান্ধব দর্শন যা সব শ্রেণি-পেশার মানুষের স্বার্থ রক্ষা করবে।
অধ্যাপক তিতুমীর তার বক্তব্যে শিক্ষা খাতকে আরও বেশি গবেষণাভিত্তিক করার ওপর জোর দেন। তিনি উল্লেখ করেন যে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রকৃত গবেষণাকেন্দ্রে পরিণত করতে বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে বাজেটের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে গবেষণা-নির্ভর অর্থনীতির বিকল্প নেই। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট নিরসন এবং গবেষণায় বিশেষ বরাদ্দ বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সংলাপে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের মতামত তুলে ধরেন।
রিপোর্টারের নাম 





















