জাতীয় দলের অফ স্পিনার নাঈম হাসানকে থানায় নিয়ে হেনস্তা ও মারধরের ঘটনায় জড়িত পুলিশের তিন সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি। অভিযুক্তদের মধ্যে একজন উপপরিদর্শক (এসআই) এবং দুইজন কনস্টেবল রয়েছেন। গত রোববার চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনারের কাছে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী জানিয়েছেন, তদন্ত কমিটি এসআইসহ তিনজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করলেও খুলশী থানার তৎকালীন ওসির বিরুদ্ধে সরাসরি কোনো দায় খুঁজে পায়নি। তবে ওসির দায়িত্ব পালনের ক্ষেত্রে কিছু পর্যবেক্ষণ দিয়েছে কমিটি। এছাড়া ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রতিবেদনে সাতটি প্রশাসনিক সুপারিশও করা হয়েছে।
উল্লেখ্য, গত ১২ জুন রাতে বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে ক্রিকেটার নাঈম হাসানকে আটক করে খুলশী থানায় নিয়ে যায় পুলিশ। সেখানে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও হেনস্তা করার অভিযোগ ওঠে। এ ঘটনায় এর আগেই এসআই শফিকুল ইসলাম ও কনস্টেবল রাসেল চৌধুরীকে সাময়িক বরখাস্ত এবং ওসিকে প্রত্যাহার করা হয়েছিল। বর্তমানে এ ঘটনায় দায়েরকৃত মামলাটি তদন্তাধীন রয়েছে।
রিপোর্টারের নাম 























