জাতীয় সংসদে বাজেট আলোচনার এক পর্যায়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে উদ্দেশ্য করে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে, তারা আবার একসঙ্গে কারাবরণ করবেন কি না। রোববার সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি অতীতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপি ও জামায়াত নেতাদের ঐক্যবদ্ধ সংগ্রামের স্মৃতিচারণ করেন।
মন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন করে আজ সবাই সংসদে এসেছেন। কাশিমপুর কারাগারে একসঙ্গে কাটানো দিনগুলোর কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, সেখানে তারা নামাজ পড়েছেন, খাবার ভাগ করে খেয়েছেন এবং মুক্তির কৌশল নির্ধারণ করেছেন। এ সময় বিরোধীদলীয় নেতার এক মন্তব্যের প্রেক্ষিতে মন্ত্রী হাস্যরসের সাথে বলেন, ইনশাআল্লাহ, প্রয়োজনে আবারও জেলে যেতে রাজি আছেন, কারণ দেশের মানুষ তারেক রহমান ও জিয়া পরিবারের পাশে রয়েছে।
বক্তব্যের অন্য অংশে পানিসম্পদ মন্ত্রী জানান, বর্তমান সরকার প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়, বরং উন্নয়নমূলক কাজের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনবে। তিনি নদী ভাঙন রোধে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন সরকার সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে। পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সাত কোটি মানুষের পানির সমস্যা সমাধানের লক্ষ্য নিয়ে কাজ চলছে বলেও তিনি সংসদকে অবহিত করেন।
রিপোর্টারের নাম 























