রাঙামাটির রাজস্থলী উপজেলায় প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। দীর্ঘদিন ধরে উপজেলার অধিকাংশ গুরুত্বপূর্ণ দপ্তরে স্থায়ী কোনো কর্মকর্তা না থাকায় ব্যাহত হচ্ছে সরকারি সেবা। অধিকাংশ দপ্তর চলছে অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তাদের দিয়ে, ফলে সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।
সরেজমিনে দেখা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ মাধ্যমিক শিক্ষা অফিস, মৎস্য দপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর এবং জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের মতো গুরুত্বপূর্ণ অফিসগুলোতে কোনো পূর্ণকালীন কর্মকর্তা নেই। এমনকি মাধ্যমিক শিক্ষা ও পরিসংখ্যান অফিসে প্রায় এক দশক ধরে অতিরিক্ত দায়িত্ব দিয়ে কাজ চালানো হচ্ছে। এতে উপজেলার শিক্ষা ও উন্নয়নমূলক কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
অভিযোগ রয়েছে, দুর্গম এলাকা হওয়ায় অনেক কর্মকর্তা রাজস্থলীতে বদলি হতে অনীহা প্রকাশ করেন। কেউ বদলি হলেও নানা তদবিরের মাধ্যমে অন্যত্র চলে যান। কর্মকর্তাদের এই অনাগ্রহের খেসারত দিতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। দ্রুত এই শূন্য পদগুলোতে স্থায়ী নিয়োগ দিয়ে প্রশাসনিক গতিশীলতা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ।
রিপোর্টারের নাম 

























