হরমুজ প্রণালী ও এর পার্শ্ববর্তী এলাকায় ইরানের ১০টি সামরিক লক্ষ্যবস্তুতে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন যুদ্ধবিমান ব্যবহার করে অত্যন্ত নিখুঁতভাবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। হামলার সত্যতা নিশ্চিত করতে সেন্টকম সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে কয়েকটি লক্ষ্যবস্তু ধ্বংসের দৃশ্য দেখা গেছে।
অন্যদিকে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, মার্কিন বাহিনী তাদের পাঁচটি উপকূলীয় এলাকায় বোমাবর্ষণ করেছে। এই হামলার তীব্র নিন্দা জানিয়ে তেহরান হুঁশিয়ারি দিয়েছে যে, যেকোনো ধরনের শত্রু আগ্রাসনের জবাব অত্যন্ত কঠোরভাবে দেওয়া হবে। আইআরজিসি আরও দাবি করেছে, বিদ্যমান সমঝোতা অনুযায়ী হরমুজ প্রণালীর নৌপথ নিয়ন্ত্রণের দায়িত্ব ইরানের ওপর ন্যস্ত। তাই নিয়ম লঙ্ঘনকারী যেকোনো জাহাজের বিরুদ্ধে এখন থেকে আগের চেয়েও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ চলমান যুদ্ধবিরতি ও অন্তর্বর্তী সমঝোতা স্মারকের ঘোর পরিপন্থী। এ ধরনের হামলা অব্যাহত থাকলে দুই দেশের মধ্যে চলমান শান্তি প্রক্রিয়া ও সমঝোতা আলোচনা সম্পূর্ণভাবে ভেস্তে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে তেহরান।
রিপোর্টারের নাম 






















