ফেনীর ফুলগাজীতে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মুরগিবোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন প্রাণ হারিয়েছেন। শনিবার সন্ধ্যায় ফেনী-বিলোনিয়া আঞ্চলিক সড়কের ফুলগাজী উপজেলা পরিষদ সংলগ্ন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ফেনী থেকে ফুলগাজী অভিমুখে যাওয়া অটোরিকশাটির সঙ্গে বিপরীতমুখী একটি পিকআপের সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক ও যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও এক নারীর মৃত্যু হয়।
নিহতদের মধ্যে মা ওয়াহিদা আক্তার জুহা ও তার মেয়ে জাকিয়া আক্তারের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এছাড়া কাউছার নামে আরও এক যুবক এই দুর্ঘটনায় নিহত হয়েছেন। ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং পুলিশ দুর্ঘটনাগ্রস্ত যান দুটি জব্দ করেছে।
রিপোর্টারের নাম 
























