১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ রাষ্ট্র সংস্কারের পক্ষে রায় দিলেও ক্ষমতাসীন বিএনপি তা কার্যকর করতে টালবাহানা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। শনিবার ময়মনসিংহ নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে এক বিভাগীয় সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, বিএনপি গণভোটের রায় মানতে চাইছে না, এর প্রধান কারণ হলো প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনার ১১ দল ও ঐক্যমত কমিশনের প্রস্তাব প্রত্যাখ্যান করা। তিনি অভিযোগ করেন, বিএনপি চায় প্রধানমন্ত্রীর হাতেই বিচার বিভাগ, দুদক ও পিএসসির মতো সাংবিধানিক পদে নিয়োগের একক ক্ষমতা থাকুক, যাতে দলের ওপর পূর্ণ কর্তৃত্ব বজায় রাখা যায়।
তিনি আরও বলেন, জুলাই সনদে প্রস্তাব ছিল যে প্রধানমন্ত্রী দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না, যা বিএনপি মানতে নারাজ। তাদের ধারণা, প্রধানমন্ত্রী যদি দলীয় প্রধান না থাকেন, তবে পূর্ববর্তী ফ্যাসিবাদী সরকারের মতো দমন-পীড়ন চালানো সম্ভব হবে না।
জামায়াত নেতা গোলাম পরওয়ারের ভাষ্যমতে, উচ্চকক্ষের ১০০টি আসন ভোটের আনুপাতিক হারে বণ্টনের প্রস্তাব দিয়েছিল ১১ দল, যা সব দলের অংশগ্রহণ নিশ্চিত করত। কিন্তু বিএনপি চায় এটি আসনের ভিত্তিতে ভাগ হোক, যাতে তারা সেখানেও একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আন্তর্জাতিক চুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আইন সহজে পাস করে নিতে পারে।
তিনি আরও অভিযোগ করেন, বিএনপি বর্তমানে ‘সবার আগে বাংলাদেশ’ নীতির পরিবর্তে ‘সবার আগে বিএনপি’ নীতিতে দেশ চালাচ্ছে। ক্ষমতায় আসার পর তারা উন্নয়ন বরাদ্দে বিরোধী এমপিদের বঞ্চিত করছে এবং স্বাস্থ্য ও ব্যাংক খাতে চরম নৈরাজ্য সৃষ্টি হয়েছে।
রিপোর্টারের নাম 
























