জাতীয় সংসদে বাজেট আলোচনা চলাকালীন সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান বর্তমান প্রস্তাবিত বাজেটকে ‘জনবান্ধব নয়, বরং গরিব মারার প্রকল্প’ হিসেবে অভিহিত করেছেন। শনিবার তিনি জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে দ্রব্যমূল্য বৃদ্ধি, বাজেট বাস্তবায়ন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের কঠোর সমালোচনা করেন।
সংসদ সদস্য রফিকুল ইসলাম খান বলেন, এলপিজি গ্যাস, ডিজেল ও কেরোসিনের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এলপিজি গ্যাসের দাম ১,৩৪১ টাকা থেকে বেড়ে ১,৭২৮ টাকা হয়েছে এবং ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি যথাক্রমে ১৫ ও ১৮ টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়া ডিম, মুরগি, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় প্রতিটি পণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষ দিশেহারা। তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, মুদির দোকানেও ভ্যাট বসানো হয়েছে, যার ফলে একজন ভিক্ষুককেও দিনশেষে ভ্যাট দিয়ে সওদা করতে হচ্ছে।
বাজেট বাস্তবায়ন ও দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রফিকুল ইসলাম খান। তিনি বাজেটের জিডিপি প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রাকে অবাস্তব দাবি করে বলেন, অর্থবছরের ১১ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিবি) মাত্র ৪৮.২৩ শতাংশ বাস্তবায়িত হয়েছে। বাকি এক মাসে বিশাল অঙ্কের টাকা খরচ করার পরিকল্পনাকে তিনি কেবল লুটপাটের সুযোগ তৈরির নামান্তর বলে উল্লেখ করেন। পাশাপাশি, ৫ লক্ষ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকার বিশাল খেলাপি ঋণের তথ্য তুলে ধরে তিনি আর্থিক খাতের দুর্বলতা নিয়ে প্রশ্ন তোলেন।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি নিয়েও সংসদে কথা বলেন এই সংসদ সদস্য। তিনি টিআইবির একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে জানান, গত ১০০ দিনে ৬০৫ জন খুন এবং ১৯৬ জন অপহৃত হয়েছেন। নিহতদের মধ্যে একটি বড় অংশ সরকারি দলের লোক হওয়ায় তিনি প্রশ্ন রাখেন, সরকার যদি নিজের দলের লোকের নিরাপত্তা দিতে না পারে, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? তিনি লক্ষ্মীপুরের হত্যাকাণ্ড ও দেশজুড়ে ধর্ষণের ঘটনার উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কথা তুলে ধরেন।
রিপোর্টারের নাম 























